শহিদুল ইসলাম, প্রতিবেদক:
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের এক বিশাল মিলনমেলায় পরিণত হয়েছিল ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান। রবিবার (২৬ জুলাই ২০২৬) ওয়াটফোর্ডের হলিওয়েল সেন্টারে অনুষ্ঠিত সংগঠনের চতুর্থবারের এই আয়োজনকে ঘিরে প্রবাসীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় সময় দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে.এম. কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইফতেখার আলম এবং সহ-সাধারণ সম্পাদক সারওয়ান জাহান। এতে লন্ডন, ওয়াটফোর্ড ও এনফিল্ডসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে পরিবার-পরিজন নিয়ে এক হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটফোর্ড বরো কাউন্সিলের ভাইস চেয়ারম্যান কাউন্সিলর সোহেল বশীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, টিভি-২৪ বাংলার চেয়ারম্যান এবং ION TV-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘চাটগাঁইয়া গফ’-এর উপস্থাপক মো. মাসুদুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে, কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে, সীতাকুণ্ড সমিতি ইউকে, ফটিকছড়ি কমিউনিটি ইউকে এবং নোয়াখালী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন মো. মাসুদুর রহমান। এ সময় তিনি ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের পরিচিতি পর্ব পরিচালনা করেন। নতুন কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রবাসে থেকেও চট্টগ্রামের শতবর্ষী ঐতিহ্য, সংস্কৃতি ও আতিথেয়তার অনন্য নিদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। মেজবানে আমন্ত্রিত অতিথিদের জন্য পরিবেশন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাদা ভাত ও মেজবানের গরুর মাংসসহ নানা সুস্বাদু পদ।
আয়োজকদের মতে, প্রবাসে বাংলাদেশি ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি অটুট রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। পরিশেষে, মেজবানে অংশগ্রহণকারী সকল অতিথি, শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও জানতে চোখ রাখুন…

















