নোয়াখালী প্রতিনিধি,
নোয়াখালীতে কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের বাংলাদেশ প্রতিনিধি দল। এ সময় নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন পরিবেশ, ভোটাধিকার প্রয়োগের বাস্তব চিত্র এবং সাংবাদিকদের পেশাগত কাজের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধি দল নির্বাচন পর্যবেক্ষণের অংশ হিসেবে মাঠপর্যায়ে প্রাপ্ত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের কথা তুলে ধরেন। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনভাবে তথ্য সংগ্রহ এবং সংবাদ প্রকাশে প্রতিবন্ধকতা সংক্রান্ত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন।
সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আলাউদ্দিন সিবলু, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মো. মিলনসহ জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
সাংবাদিকরা এ সময় মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ, চাপ ও নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরেন। ইইউ প্রতিনিধি দল এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের প্রয়োজনীয়তার কথা জানান।
মতবিনিময় সভাটি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
আরও জানতে চোখ রাখুন…
















