
স্পোর্টস ডেস্ক |
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের আসর বিগ ব্যাশ লিগে (বিবিএল) আবারও রাজত্ব কায়েম করলো পার্থ স্কর্চার্স। স্টিভ স্মিথের সিডনি সিক্সার্সকে ধুলোয় মিশিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। রবিবারের মেগা ফাইনালে একপেশে লড়াইয়ে ৬ উইকেটে জয় পায় পার্থ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে এটি কোনো দলের সর্বোচ্চ শিরোপা জয়ের নতুন রেকর্ড।
পার্থের অপটাস স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পার্থ স্কর্চার্স। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সিডনি সিক্সার্স। পার্থের বোলার ডেভিড পেইন ও ঝাই রিচার্ডসনের তোপের মুখে দাঁড়াতেই পারেনি সিডনির ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩২ রানেই গুটিয়ে যায় সিডনি। স্টিভ স্মিথসহ দলের তারকা ব্যাটাররা বড় কোনো সংগ্রহ গড়তে ব্যর্থ হন। ঝাই রিচার্ডসন ও ডেভিড পেইন উভয়ই ৩টি করে উইকেট শিকার করেন।
১৩৩ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে পার্থের শুরুটা হয় রাজকীয়। ওপেনার ফিন অ্যালেন ও মিচেল মার্শ প্রথম উইকেটেই ৮৫ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। শেষদিকে জশ ইংলিশের ধৈর্যশীল ব্যাটিংয়ে ১৫ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পার্থ স্কর্চার্স। এই জয়ের মাধ্যমে তারা প্রমাণ করলো কেন তাদের বিগ ব্যাশের ‘রাজা’ বলা হয়।
আরও পড়ুন…


















