
মো. রিয়াজুল সোহাগ,নিউজ ডেস্ক|
বেগম খালেদা জিয়া যেখানে, ফাতেমা সেখানে—গত সাড়ে তিন দশক ধরে এটাই ছিল দেশের রাজনীতির এক অলিখিত দৃশ্য। কিন্তু কে এই ফাতেমা? কীভাবে তিনি সাধারণ এক কিশোরী থেকে হয়ে উঠলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর সবচেয়ে বিশ্বস্ত ‘ছায়াসঙ্গী’? সেই নেপথ্য ইতিহাস আজও অনেকের অজানা।
যেভাবে হলো নিয়োগ: নেপথ্যে কারা?
ফাতেমার পুরো নাম ফাতেমা বেগম। তাঁর আদি বাড়ি ভোলা জেলায়। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া যখন প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন তাঁর পরিবারের দেখাশোনা এবং ব্যক্তিগত সেবার জন্য একজন একান্ত বিশ্বস্ত ও সৎ মানুষের প্রয়োজন হয়।
জানা যায়, খালেদা জিয়ার সেজ বোন সেলিনা ইসলাম এবং তৎকালীন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত স্টাফদের মাধ্যমে খোঁজ পড়ে এমন একজনের, যিনি পরিবারের সদস্যের মতো মিশে যেতে পারবেন। সেই সময় ভোলা জেলার এক স্থানীয় বিএনপি নেতার সুপারিশে এবং খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর তদারকিতে ফাতেমাকে ঢাকায় আনা হয়। মাত্র ১০-১২ বছর বয়সেই তিনি মইনুল রোডের সেনানিবাসের বাড়িতে কাজে যোগ দেন। ফাতেমার নম্রতা এবং কাজপাগল স্বভাব দ্রুতই খালেদা জিয়ার মন জয় করে নেয়।
বিশ্ব রেকর্ড ও এক জীবনের উৎসর্গ ফাতেমার ত্যাগ কেন অনন্য? কারণ গত ৩৪ বছরে তিনি নিজের ব্যক্তিজীবন বলে কিছুই রাখেননি।
স্বেচ্ছায় কারাবরণ: ২০১৮ সালে খালেদা জিয়া যখন কারাবন্দী হন, তখন লোহার গরাদ কিংবা অন্ধকার প্রকোষ্ঠ—কিছুই ম্যাডামের পাশ থেকে সরাতে পারেনি ফাতেমাকে। এটি এক অনন্য ‘বিশ্ব রেকর্ড’। আদালতের বিশেষ অনুমতি নিয়ে তিনি স্বেচ্ছায় কারাবরণ করেছিলেন কেবল ম্যাডামের সেবা করার জন্য।
সংসার বিসর্জন: ফাতেমা তাঁর জীবনের শ্রেষ্ঠ সময়গুলো বিলিয়ে দিয়েছেন প্রিয় নেত্রীর জন্য। নিজের বিয়ে বা ব্যক্তিগত সুখের চেয়েও ম্যাডামের একটুখানি স্বস্তি ছিল তাঁর কাছে বড়।
বিশ্ব ইতিহাসে রাষ্ট্রনায়কদের অনেক ব্যক্তিগত সহকারী বা সচিবের নাম পাওয়া যায়, কিন্তু ফাতেমার মতো এমন নিঃস্বার্থ ‘পার্সোনাল অ্যাটেনডেন্ট’ বিরল। মহাত্মা গান্ধীর জন্য মহাদেব দেশাই যা করেছিলেন, খালেদা জিয়ার জন্য ফাতেমা করেছেন তার চেয়েও বেশি। তিনি কেবল সেবিকাই ছিলেন না, হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।
দাফন শেষ হয়েছে, ভিড় কমেছে। কিন্তু যে ফাতেমার পৃথিবী ছিল কেবল ‘ম্যাডাম’কে ঘিরে, আজ তাঁর পৃথিবীটা থমকে গেছে। গুলশানের ফিরোজা আছে, কিন্তু সেই চিরচেনা মানুষটি নেই। ফাতেমা আজ কাকে দেবেন সঙ্গ? দীর্ঘ ৩৪ বছরের একনিষ্ঠ সেবার পর ফাতেমা এখন স্মৃতির অতল গহ্বরে ডুবে থাকা এক নিঃসঙ্গ ছায়াসঙ্গী।


















