
ঢাকা প্রতিনিধিঃ
দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসনের পর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। তিনি দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে।
ঢাকায় তাঁর আগমন ঘিরে রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন জেলা থেকে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও নাগরিকরা তাঁকে স্বাগত জানাতে রাজধানীতে আসছেন।
সরকার, পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকায় পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হয়েছে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তা বিঘ্ন না ঘটে।
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় একটি বিশাল সংবর্ধনা মঞ্চ নির্মাণ করা হয়েছে, যেখানে আগামীকাল তাঁর সাথে সংক্ষিপ্ত সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে লাখো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণ প্রত্যাশিত।
দল নেতারা জানিয়েছেন, ৩০০ ফিটকে এই অনুষ্ঠানের স্থান হিসেবে বেছে নেওয়ার পেছনে মূল কারণ হলো উন্মুক্ত ও প্রশস্ত এলাকা হওয়া এবং সাধারণ মানুষের জন্য স্বস্তি ও সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করা।
বিমান অবতরণের পর তারেক রহমান সরাসরি ৩০০ ফিট সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন এবং সেখানে বক্তব্য রাখবেন। এরপর তিনি
এভারকেয়ার হাসপাতাল গিয়ে চিকিৎসাধীন তাঁর মায়ের—বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার—স্বাস্থ্যের অবস্থা নিয়ে খোঁজ নেবেন।
দলীয় নেতৃত্ব জানিয়েছে, তারেক রহমান এর পরে গুলশানের নিজের বাসায় ফিরে বিশ্রাম নেবেন এবং পরের দিন বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন।

















