
মো.রিয়াজুল সোহাগ, নিজস্ব প্রতিবেদক,নোয়াখালী:
নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লুকিয়া গ্রামে ভাটিরটেক চৌমুহনী বাজার এলাকায় আদালতের আদেশ অমান্য করে এক বৃদ্ধ ব্যবসায়ীর দোকান লুটপাট ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আলী আশরাফ উদ্দিন ভূঁইয়া জানান, ভাটিরটেক চৌমুহনী বাজার জিরো পয়েন্টের পূর্ব পাশে তার পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া সাত শতাংশ জমির ওপর নির্মিত দোতলা দোকানঘরে তিনি ১৯৮১ সাল থেকে স্টেশনারী ও হোটেল ব্যবসা চালিয়ে আসছেন।
২০২৩ সাল থেকে একটি পক্ষ উক্ত সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে। এ ঘটনায় দায়রা জজ আদালতে মামলা করেন (মামলা নং–৩১০/২৩)। মামলার পর কিছুদিন দখল প্রচেষ্টা বন্ধ থাকলেও সম্প্রতি আদালত বিবাদীপক্ষকে সো-কজ নোটিশ দিয়ে ২১ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেন। এরপর থেকে বিবাদীপক্ষ আরও বেপরোয়া হয়ে ওঠে।
গত সোমবার স্থানীয় আজম গ্রুপের সদস্যরা দোকানঘরে প্রবেশ করে মালামাল লুটপাট ও দখলের চেষ্টা চালায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানে কোনো মালামাল নেই এবং দোকানের ভেতরে ডেকোরেশনের কাজ চলছিল। স্থানীয়দের মতে, প্রতিবেদকের উপস্থিতিতে তারা কাজ বন্ধ করলেও পরে আবার তা শুরু করে।
৫৯ বছর বয়সী আলী আশরাফ উদ্দিন ভূঁইয়া বলেন
“এই দোকানটাই আমার শেষ বয়সের সম্বল। আদালতের আদেশ অমান্য করে আজম গ্রুপ আমাকে হুমকি দিচ্ছে। আমি থানায় ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছি।”
তিনি প্রশাসনের কাছে তার ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।