নিউজ ডেস্ক: দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৬২৪ টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৭০ হাজার ২৩৬ টাকা। আজ প্রতি ভরি সোনা এক লাখ ৭২ হাজার ৮৬০ টাকা বেচাকেনা হয়েছে।
শনিবার (২৮ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (২৯ জুন) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।