পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চরপাড়া এলাকায় জনসাধারণের চলাচলের দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করেছেন ইউনিয়ন ছাত্রদল নেতা মো. জিহাদ হোসেন।
উত্তর চরপাড়া থেকে তেগাছিয়া হয়ে ডালবুগঞ্জ বাজারে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে পরিণত হয়েছিল। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজ উদ্যোগে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ শুরু করেন ছাত্রদল নেতা জিহাদ হোসেন। তিনি নিজস্ব অর্থ ও শ্রম দিয়ে রাস্তার খানাখন্দ ভরাটসহ প্রয়োজনীয় মেরামতকাজ করেন।
এ উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা জানান, গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। জিহাদ হোসেনের উদ্যোগে আপাতত মানুষের চলাচলের দুর্ভোগ কিছুটা কমেছে।
ছাত্রদল নেতা মো. জিহাদ হোসেন বলেন, “জনগণের জন্য কাজ করাই আমার উদ্দেশ্য। রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকার মানুষ কষ্ট পাচ্ছিলেন। তাই নিজের সামর্থ্য অনুযায়ী সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার চেষ্টা করব।”
স্থানীয়দের দাবি, সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আরও জানতে চোখ রাখুন...