বিশেষ প্রতিনিধি:
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর উদ্যোগে বেগমগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মাঠপর্যায়ে নিরাপত্তা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের (চৌকিদার ও দফাদার) দাপ্তরিক কাজ এবং আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত যোগাযোগের সুবিধার্থে এসব বাইসাইকেল উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
বাইসাইকেল বিতরণকালে স্থানীয় নেতৃবৃন্দ ও দায়িত্বশীল কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গ্রাম পুলিশেরা ইউনিয়ন পর্যায়ে সরকারের সবচেয়ে তৃণমূলের কর্মী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষা, তথ্য প্রদান ও সামাজিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বরকত উল্লাহ বুলুর পক্ষ থেকে এই বাইসাইকেল উপহার পাওয়ায় তাদের দায়িত্ব পালন আগের চেয়ে অনেক সহজ ও দ্রুততর হবে।
উপহার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা। তারা জানান, বাইসাইকেল পাওয়ার ফলে এখন থেকে দূর-দূরান্তে গিয়ে ইউপি সংক্রান্ত কাজ সম্পাদন ও এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখার তথ্য সংগ্রহ করা অনেক সুবিধা হবে।