
লুৎফর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের 'স্বচ্ছতা' সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামান।
সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহ।
বক্তব্যে পুলিশ সুপার বলেন, জাতীয় সম্পদ বিদ্যুৎ সংরক্ষণে সচেতন নাগরিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত সচেতনতা শুধু মাসিক বিলই কমায় না, বরং দেশের সামগ্রিক জ্বালানি সংকট মোকাবিলা ও টেকসই উন্নয়নে সরাসরি অবদান রাখে।
সভায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানের বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং বিদ্যুৎ বিলের খরচ কমানোর নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিদ্যুতের অপচয় রোধের পাশাপাশি উচ্চ বিদ্যুৎ খরচকারী যন্ত্রের ব্যবহার কমানো এবং দাপ্তরিক কাজ শেষে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ বন্ধ রাখার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে দিনের বেলায় অফিসে পর্যাপ্ত প্রাকৃতিক আলো ব্যবহারের ওপর জোর দেন বক্তারা। দপ্তরের প্রতিটি কক্ষে বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ সাশ্রয়ে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়।
সবাই মিলে দায়িত্বশীল ভূমিকা পালন ও আইন মানার মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি টানা হয়।
আরও জানতে চোখ রাখুন...