
পবিত্র শ্রীশ্রী রামচন্দ্রদেবের ৭৭তম তিরোভাব উৎসব ও পুণ্যময় অক্ষয় তৃতীয়া উদযাপিত হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জে। এই বিশেষ ধর্মীয় তিথিকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ, বেগমগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মানুষ।
উৎসবের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে মাঠে সরব ছিলেন প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মোঃ নুরুল আমিন এবং বেগমগঞ্জ মডেল থানার সিনিয়র সেকেন্ড অফিসার এসআই পাভেল রায়।
শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণকালে তারা বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। সামাজিক সম্প্রীতির এই মিলনমেলায় জাতি-বর্ণ-ভেদাভেদ ভুলে আমরা সকলে মানুষ।’ তারা শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এদিকে, শ্রীশ্রী রামচন্দ্রদেবের ৭৭তম তিরোভাব উৎসব ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে আগত সকল ভক্তবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের বেগমগঞ্জ উপজেলা শাখা। সংগঠনের নেতারা জানান, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার লক্ষ্য নিয়েই তারা এই আয়োজনের উদ্যোগ নিয়েছেন। রামচন্দ্রদেবের আদর্শ ও চেতনাকে ধারণ করে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য।
উপজেলার বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা-অর্চনা, নাম সংকীর্তন এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণগুলোতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানিয়েছেন, ধর্মীয় সম্প্রীতি ও সংস্কৃতি চর্চাকে আরও বেগবান করতে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখে।
আরও জানতে সাথে থাকুন...