
আন্তর্জাতিক ডেস্ক |
ইরানের সঙ্গে পরমাণু বা কৌশলগত ইস্যুতে নতুন করে চুক্তিতে বসার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবারের চুক্তিটি আগের যেকোনো সময়ের চেয়ে ‘আলাদা’ হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ফ্লোরিডার পাম বিচের বিলাসবহুল মার-এ-লাগো রিসোর্টে অবস্থানকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প দাবি করেন, তেহরান এখন ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে বেশ মরিয়া। তিনি বলেন, “আমাদের দেখতে হবে চুক্তিটি আসলে কোন পর্যায়ে আছে। আমার মনে হয় ইরান একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী, যা তাদের হওয়া উচিত। গতবার তারা চুক্তি না করার সিদ্ধান্ত নিলেও এবার তাদের মন পরিবর্তন হয়েছে বলে আমার বিশ্বাস।”
সংলাপের প্রস্তাব দিলেও তেহরানকে চাপে রাখার কৌশল থেকে সরছেন না ট্রাম্প। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তির জানান দিয়ে তিনি বলেন, “আমাদের একটি বিশাল নৌবহর ও নৌবাহিনী ওই অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে এবং দ্রুতই সেখানে পৌঁছাবে। তাই পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।”
২০১৮ সালে ওবামা আমলের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসা ট্রাম্প মনে করেন, আগের চুক্তিগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থ পুরোপুরি রক্ষা করতে পারেনি। তাই এবার কোনো সমঝোতা হলে তার শর্ত হবে অনেক বেশি কঠোর। তিনি সাফ জানিয়েছেন, “চুক্তির বিষয়টি আমাদের খতিয়ে দেখতে হবে এবং গতবারের চেয়ে এটি অবশ্যই ভিন্ন ও আলাদা হবে।”
বিশ্লেষকরা মনে করছেন, একদিকে আলোচনার প্রস্তাব এবং অন্যদিকে সাগরে রণতরী পাঠিয়ে ইরানকে একটি ‘চরম দরকষাকষির’ টেবিলে বাধ্য করতে চাইছেন ট্রাম্প। এখন দেখার বিষয়, তেহরান এই চাপের মুখে ট্রাম্পের নতুন শর্তে সাড়া দেয় কি না।
আরও জানতে চোখ রাখুন...