বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাভারে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর উত্তর পাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি শহীদুল ইসলাম সোহাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।
বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রেখে যাওয়া আদর্শ ও রাজনৈতিক আমানত রক্ষা করা জাতীয়তাবাদী ছাত্রদলের নৈতিক দায়িত্ব। গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়া আজীবন আপসহীনভাবে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। সাধারণ মানুষের কথা ভেবেই তিনি রাজনীতি করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই ছাত্রদল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন অব্যাহত রাখবে।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
আরও পড়ুন,,,,