
"সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হলেন সরওয়ার হোসেন"
বিশেষ প্রতিনিধি, লন্ডন |
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো প্রবাসে সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘লন্ডন বাংলা প্রেস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে ব্যারিস্টার তারেক চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আকরামুল হোসাইন নির্বাচিত হয়েছেন। এছাড়া ট্রেজারার পদে জয়ী হয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান। গত ২৫ জানুয়ারি লন্ডনের একটি হলে দিনভর ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ক্লাবের মোট ৩৩৫ জন ভোটারের মধ্যে ৩২৫ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অর্থাৎ প্রায় ৯৭ শতাংশ ভোটার তাদের রায় দিয়েছেন।
নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘টপ নিউজ’-এর সম্পাদক ও আরটিভির লন্ডন প্রতিনিধি সরওয়ার হোসেন। তিনি নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার এই বিশাল জয় লন্ডনের সাংবাদিক মহলে বিশেষ আলোচনার সৃষ্টি করেছে।
নির্বাচনে বিজয়ী অন্য কর্মকর্তারা হলেন— সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার এখলাসুর রহমান পাক্কু।
অন্যান্য সম্পাদকীয় পদে বিজয়ী হয়েছেন— অর্গানাইজিং ও ট্রেনিং সেক্রেটারি পদে আলাউর রহমান খান শাহীন, মিডিয়া ও আইটি সেক্রেটারি পদে ফয়সাল মাহমুদ এবং ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি পদে রূপি আমিন।
এছাড়াও সরওয়ার হোসেনের সঙ্গে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শাহিদুর রহমান সোহেল, লোকমান হোসেন কাজী, ফারজানা চৌধুরী ও এনাম চৌধুরী।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী ও সাধারণ সম্পাদক আকরামুল হোসাইন ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বিলেতে বাংলা সংবাদপত্রের ঐতিহ্য রক্ষা এবং সংবাদকর্মীদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে, সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়ায় সরওয়ার হোসেনকে বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে।
আরও জানতে চোখ রাখুন পরের পাতায়...