নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে হেযবুত তওহীদ কেন্দ্রীয় ছাত্র ফোরামের ঢাকা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ১০.০০ ঘটিকায় ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) তে ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করা হয়।
হেযবুত তওহীদ ছাত্র ফোরামের ঢাকা বিভাগীয় সভাপতি জাকারিয়া মাহথির এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিষয়ক কেন্দ্রীয় কমিটির সভাপতি রুফায়দাহ পন্নী, ঢাকা বিভাগের সভাপতি ও ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, কেন্দ্রীয় নারী নেত্রী ও ছাত্র ফোরামের উপদেষ্টা আয়েশা সিদ্দিকা, কেন্দ্রীয় ছাত্র ফোরামের সভাপতি রাদ উল ইসলাম, সাধারণ সম্পাদক মিফতাউল জান্নাত প্রমুখ।
রুফায়দাহ পন্নী তার বক্তব্যে বলেন, বাংলার ইতিহাসের সাথে তারুণ্য বিশেষভাবে জড়িত। ৫২’র ভাষা আন্দোলন, ৬৯-এর গণ-অভ্যুত্থান কিংবা মহান মুক্তিযুদ্ধে সম্মুখসারিতে থেকে সংগ্রামী নেতৃত্ব দিয়েছেন তরুণরা। কিন্তু সেই স্বাধীনতার অর্ধ শতাব্দী পর গত বছরের জুলাই-আগস্টে দেশকে আবারও মুক্ত করতে হলো! তাহলে প্রকৃত স্বাধীনতা কী? বাঙালি জাতি কি আদৌ প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছে? -প্রশ্ন রাখেন তিনি।

‘তরুণদের প্রয়োজন ছিল একটি প্ল্যাটফর্ম, যেখানে একতাবদ্ধ হয়ে নিজের প্রতিভা, বুদ্ধিবৃত্তি আর শক্তির বিকাশ ঘটতে পারে এবং দরকার ছিল একজন নেতার; যার নেতৃত্বে সঠিক পথ এবং আদর্শে বলীয়ান হবে লাখো তরুণ। আলহামদুলিল্লাহ, এই দুটো বিষয়েরই অত্যন্ত সুচারু নিষ্পত্তি করে দিয়েছেন স্বয়ং আল্লাহ।’ -বলেন হেযবুত তওহীদের এই নারী নেত্রী।
কেন্দ্রীয় ছাত্র ফোরামের সভাপতি রাদ উল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘রুশ বিপ্লব, ফরাসী বিপ্লবের নায়কেরা প্রতিশ্রুতি দিয়েছিল তারা মানুষকে স্বর্গ উপহার দেবে, বৈষম্য দূর করে সমাজে ন্যায়, সাম্য, সুবিচার প্রতিষ্ঠা করবে। শান্তির আশায় কেউ গণতন্ত্র কেউ আবার সমাজতন্ত্রকে আলিঙ্গন করে নিয়ে দেখল যে, তাদের প্রতিশ্রুত স্বর্গ হাবিয়া দোজখ ছাড়া কিছু নয়।’
তিনি বলেন, মানুষের তৈরি বাদ-মতবাদ এর জন্য আর একটি প্রাণও, একটা ফোটা রক্তও আমরা অপচয় করব না। ব্রিটিশদের রেখে যাওয়া এই হানাহানি-দলাদলির নোংরা রাজনীতির বলি হতে আমরা নারাজ -বলেন এই ছাত্র নেতা।
ছাত্র ফোরামের সদস্য খুশবু ইসলাম জেরিন, নওশীন আমিন, তাবাচ্ছুম হক তাসিন ও মুগিরার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জাকারিয়া মাহথির। এরপর পর্যায়ক্রমে ঢাকা বিভাগীয় কো-অর্ডিনেটররা বক্তব্য রাখেন। তারা কোনো প্রকার অপরাজনীতিতে যুক্ত না হবার প্রতিজ্ঞা করেন এবং তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নিজেদের শক্তি, মেধা, জীবন, সম্পদ উৎসর্গ করার অঙ্গীকার করেন।