
মো.রিয়াজুল সোহাগ,ক্রীড়া ডেস্ক |
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এখন আর চাইলেই প্রবেশ করতে পারছেন না ক্রীড়া সাংবাদিকরা। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হুট করেই সাংবাদিকদের প্রবেশাধিকারে কড়াকড়ি আরোপ করেছে। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই সংবাদকর্মীদের বিসিবি কার্যালয় এবং একাডেমি মাঠে যাওয়ার ওপর ‘অঘোষিত’ এই বিধিনিষেধ নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রীড়া মহলে বইছে সমালোচনার ঝড়।
দীর্ঘদিন ধরে ক্রিকেটারদের অনুশীলন দেখা এবং খবরের খোঁজে বিসিবি কার্যালয়ে নিয়মিত যাতায়াত ছিল সাংবাদিকদের। কিন্তু গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, মূল গেটেই আটকে দেওয়া হচ্ছে সংবাদকর্মীদের। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ওপর মহলের নির্দেশে কেবল নির্দিষ্ট কোনো সংবাদ সম্মেলন বা বিশেষ ইভেন্ট ছাড়া সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি একাডেমি মাঠে ক্রিকেটাররা যখন ঘাম ঝরান, তখনও সেখানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি না দিলেও কর্তৃপক্ষের কেউ কেউ বলছেন, ক্রিকেটারদের মনোযোগ বিঘ্নিত হওয়া রোধ এবং ‘নিরাপত্তা নিশ্চিত’ করতেই এই পদক্ষেপ। তবে সাংবাদিকরা বলছেন, বিসিবির ভেতরের নানা অব্যবস্থাপনা এবং পর্দার পেছনের খবর যাতে বাইরে না আসে, সেই উদ্দেশ্যেই এই রাখঢাক।
ক্রীড়া সাংবাদিকদের বিভিন্ন সংগঠন বিসিবির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে, ক্রিকেট সংবাদ সংগ্রহ করা পেশাদারিত্বের অংশ, কিন্তু বিসিবির এই নতুন নীতি মুক্ত সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
সাধারণ ক্রিকেট ভক্তরা বলছেন, বোর্ডের স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের উপস্থিতি জরুরি। মিরপুর হোমে যেখানে সাংবাদিকদের আড্ডা আর সংবাদের ব্যস্ততা থাকত সবসময়, সেখানে এখন এক ধরণের ভুতুড়ে নীরবতা। বোর্ডের এই কঠোর অবস্থান বিসিবি ও সংবাদকর্মীদের মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্ক নষ্ট করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও জানতে চোখ রাখুন...