বি. চৌধুরী তুহিন, নোয়াখালী প্রতিনিধি:
"মাদক ব্যবসায়ী না থাকলে স্বভাবতই কোনো মাদক সেবনকারী বা ব্যবহারকারী থাকবে না।" নোয়াখালীর বেগমগঞ্জকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে এমন বার্তাই দিয়েছেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুজ্জামান।
সোমবার বিকেলে উপজেলার জমিদারহাট বেগম নুরনাহার (বিএন) উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশ, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রসুলপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মুক্ত আলোচনা করা হয়।
সমাবেশে ওসি সামসুজ্জামান স্পষ্ট করে জানান, বেগমগঞ্জে কোনো অবস্থাতেই মাদক কারবারি ও সেবনকারীদের বরদাশত করা হবে না। মাদকের জোগান বন্ধ হলে সেবনকারীর সংখ্যাও শূন্যে নেমে আসবে—এই লক্ষ্য নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে এই সমাজ ব্যাধি পুরোপুরি নির্মূলে কেবল পুলিশ নয়, বরং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
বিশেষ করে প্রবাসী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ওসি বলেন, "অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হাতে কোনোভাবেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তুলে দেওয়া যাবে না।" সন্তানরা কার সঙ্গে মিশছে এবং কীভাবে সময় কাটাচ্ছে—সেদিকে তীক্ষ্ণ নজর রাখার পরামর্শ দেন তিনি। মোবাইলের মাধ্যমে কোনো প্রলোভন বা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া থেকে মুক্ত রেখে সন্তানদের লেখাপড়ায় মনোযোগী করতে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জমিদারহাট বেগম নুরনাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন চৌধুরী, স্থানীয় চেয়ারম্যান আবদুর রশীদ, রসুলপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুর নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রিয়াজ, দুলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকমণ্ডলী।
আলোচনা সভা শেষে স্থানীয় সচেতন সমাজ, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জমিদারহাট বাজার এবং এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়।
অনুষ্ঠানটি থেকে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো উদীয়মান সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ত্রিভিত্তিক সমন্বিত উদ্যোগ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আরও জানতে চোখ রাখুন...