
নোয়াখালী চৌমুহনীর সুপরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী নেতা, ‘তুলির পরশ’-এর স্বত্বাধিকারী ও ‘চারু গৃহ শিশু কিশোর আর্ট স্কুল’-এর উজ্জ্বল অভিভাবক শিল্পী মো: মহিউদ্দিন চৌধুরী মোহন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে চৌমুহনী বাণিজ্যিক কেন্দ্র ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ভারতে নেওয়া হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
এদিকে বাবার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসী ও চৌমুহনীর ব্যবসায়ী সমাজের কাছে দোয়া চেয়েছেন তাঁর পুত্র পরস। এক আবেগঘন বার্তায় তিনি বলেন, “আমার বাবা সবসময় মানুষের সেবায় এবং শিশুদের মেধা ও চিত্রশিল্পের বিকাশে নিজেকে নিয়োজিত রেখেছেন। আজ তিনি নিজেই অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায়। বাবার শারীরিক অবস্থার উন্নতির জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি। আমি নোয়াখালীসহ দেশ-বিদেশের সকল আত্মীয়-স্বজন ও বাবার শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করছি।”
উল্লেখ্য, মো: মহিউদ্দিন চৌধুরী মোহন চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির একজন জনপ্রিয় নেতা। ২০২৩ সালের নির্বাচনে তিনি ‘কলম মার্কা’ নিয়ে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক জনসমর্থন পান। ব্যবসায়ী পরিচয়ের পাশাপাশি একজন গুণী চিত্রশিল্পী হিসেবেও তাঁর বিশেষ সুখ্যাতি রয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের ছবি আঁকা শেখানোর ক্ষেত্রে ‘চারু গৃহ শিশু কিশোর আর্ট স্কুল’-এর মাধ্যমে তিনি দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী, শিল্পী সমাজ ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিবৃতি দিয়েছে।
আরও পড়ুন....