
নোয়াখালীর বেগমগঞ্জে চোলাই মদ উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার রবিদাস পাড়ায় (মুচিবাড়ী) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন— ওই এলাকার মৃত দুলাল রবিদাসের ছেলে প্রদীপ রবিদাস (৩৫), মৃত বাবু লালের ছেলে গণেশ রবিদাস (৪৫) এবং মৃত বীরেন্দ্রর স্ত্রী আলো রবি দাস (৫৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, রবিদাস পাড়ায় অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বেচাকেনা হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে আসামিদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা দোষ স্বীকার করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট গণেশ রবিদাসকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। এছাড়া প্রদীপ রবিদাস ও আলো রবি দাসকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিএনসি কর্মকর্তা সুব্রত সরকার।
আরও জানতে চোখ রাখুন...