মোজাম্মেল হক,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কুতুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে কুতুলপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০নং মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান চৌধুরী শাহিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি মো. মনজুরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, “গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজন শুধু বিনোদন নয়, এটি মানুষকে একত্রিত করে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলায় স্থানীয় তরুণ ও প্রবীণরা অংশ নেন। দর্শকদের উৎসাহে মুখর ছিল পুরো মাঠ। খেলা শেষে বিজয়ীদের হাতে দুটি খাসি ছাগল তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন হন শাহজাদ কবিরাজ খোকসা বাড়ি নীলফামারি রানাসাপ সাইফুল ইসলাম (জলঢাকা)।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ১০নং মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস হোসেন মণ্ডল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান দিনেন্দ্র চন্দ্র মোহন্ত, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।
খেলা পরিচালনা করেন মো. জসিম উদ্দিন ও মোহাম্মদ আনিসুর রহমান আনিস।
অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।