
স্টাফ রিপোর্টার |
নতুন পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবিতে রাজপথে নেমেছেন সরকারি কর্মচারীরা। দাবি আদায়ে আজ রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সারা দেশে একযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। সরকারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে অনেক সরকারি দপ্তরের দাপ্তরিক কার্যক্রম।
সকাল থেকেই রাজধানী ঢাকা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, বগুড়া, নরসিংদী ও বরিশালের বিভিন্ন সরকারি শিক্ষা দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীরা নিজ নিজ কর্মস্থলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। সংগঠনের জেলা ও সরকারি কলেজ ইউনিট কমিটিগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি বিরামহীনভাবে পালিত হয়েছে।
আন্দোলনের ব্যাপকতা ছিল চোখে পড়ার মতো। শুধু শিক্ষা খাতের কর্মচারীরাই নয়, সারা দেশের বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কর্মচারীরাও এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন। ফলে দুই ঘণ্টা সাধারণ মানুষের সেবা প্রাপ্তিতে বিঘ্ন ঘটে।
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— দ্রুততম সময়ের মধ্যে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করা। এছাড়া আরও ৬টি সুনির্দিষ্ট দাবি আদায়ে তারা অনড় অবস্থানে রয়েছেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে।
আন্দোলনরত নেতারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও জানান তারা।
আরও জানতে চোখ রাখুন...