
শহিদুল ইসলাম, প্রতিবেদক নানিয়ারচর:
রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ, প্রীতিভোজ ও নৌকা ভ্রমণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোন এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ৪০ জন কৃতী শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন। দিনের শুরুতে নানিয়ারচর জোনের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা, দেশপ্রেম এবং দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে একটি বিশেষ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করা হয়। এরপর শিক্ষার্থীদের নিয়ে একটি মনোরম নৌকা ভ্রমণের আয়োজন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
অনুষ্ঠানটি নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি-এর সরাসরি উপস্থিতিতে পরিচালিত হয়। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “শিক্ষার মাধ্যমেই একটি উন্নত জাতি গঠন সম্ভব। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশের কারিগর।” তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে কৃতী ছাত্র-ছাত্রীদের তাদের অসামান্য শিক্ষাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। সংবর্ধনা ও পুরস্কার বিতরণ শেষে জোন সদর দপ্তরে সকল অংশগ্রহণকারীদের জন্য একটি বিশেষ প্রীতিভোজ বা মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আগ্রহ বৃদ্ধির পাশাপাশি দেশপ্রেমের চেতনা জাগ্রত হবে। একইসঙ্গে সাধারণ জনগণের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থার জায়গা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।