বিশ্ববিদ্যালয় প্রতিনিধী|
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘ প্রতিক্ষার পর অনুষ্ঠিত এই নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বড় চমক দেখিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের প্রার্থী মো. আবিদুল ইসলাম খান। সর্বশেষ ১৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৪৯ ভোটে এগিয়ে আছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় শুরু হয় গণনা। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, শুরুতেই কয়েকটি বিভাগে অন্য প্রার্থীরা এগিয়ে থাকলেও সময় বাড়ার সাথে সাথে আবিদুল ইসলামের পাল্লা ভারী হতে থাকে। বিশেষ করে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে সাধারণ শিক্ষার্থীদের বিপুল সমর্থন তাকে এই সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে।
নির্বাচনে মূল লড়াই হচ্ছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ে গঠিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' এবং ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলের মধ্যে। ভিপি পদে আবিদুল ইসলাম এগিয়ে থাকলেও জিএস ও এজিএস পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে সহাবস্থান ও অধিকার আদায়ের প্রশ্নে ঐক্যবদ্ধ এই প্যানেলটি ভোটারদের মনে আস্থার জায়গা তৈরি করতে পেরেছে।
গণনা কেন্দ্রে উত্তেজনা
ভিপি পদে আবিদুলের ২৪৯ ভোটে এগিয়ে থাকার খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাস জুড়ে উৎসুক শিক্ষার্থীদের ভিড় বাড়তে থাকে। বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন ও শান্ত চত্বরে প্যানেলের সমর্থকরা আনন্দ মিছিল ও স্লোগান দিতে থাকেন। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশ ও সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।
নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে মাঝে কিছুক্ষণ গণনা ধীরগতিতে চললেও এখন তা পুরোদমে চলছে। বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফল একীভূত করতে গভীর রাত পর্যন্ত সময় লাগতে পারে। নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ গণমাধ্যমকে বলেন, “আমরা স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি প্যানেলের প্রতিনিধির উপস্থিতিতে ফলাফল সমন্বয় করছি। খুব দ্রুতই পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।”
জুলাই বিপ্লব পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এটিই প্রথম ছাত্র সংসদ নির্বাচন, যার দিকে তাকিয়ে আছে সারাদেশের ছাত্রসমাজ। ভিপি পদে ২৪৯ ভোটের এই লিড শেষ পর্যন্ত আবিদুল ইসলামকে জয়ের বন্দরে পৌঁছে দেয় কি না, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।
আরও পড়ুন....