
মো.রিয়াজুল সোহাগ , চৌমুহনী|
নোয়াখালীর বেগমগন্জ চৌমুহনী গোলাবাড়িয়ায় শেষ হলো ধ্রুপদী ফুটবলের এক জমকালো আসর। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে ফুটবল শৈলীতে দর্শকদের মাত করে ‘চৌমুহনী সমাজ কল্যাণ সোসাইটি’ আয়োজিত নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে পদ্ম কুঁড়ি একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে প্রতিদ্বন্দ্বী দলকে হারিয়ে উল্লাসে মেতে ওঠে তারা। এই জয়কে কেন্দ্র করে পুরো পৌরসভা এলাকায় বইছে আনন্দের জোয়ার।
অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটিতে মুখোমুখি হয় দুই শক্তিশালী প্রতিপক্ষ। শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে মাঠ গরম করে তোলেন খেলোয়াড়রা। মাঠের লড়াইয়ে উভয় পক্ষই অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করলেও শেষ হাসি হাসে পদ্ম কুঁড়ি একাদশ। নির্ধারিত সময়ের দুর্দান্ত খেলা শেষে শিরোপা নিশ্চিত করেন রেফারি মিশু।
মো. জাফর আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী, পদ্ম কুঁড়ি একাদশের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সড়ক পরিবহন ২৬৫ শ্রমিক ফেডারেশনের সাবেক সভাপতি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা মো. আনোয়ার হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক মো. রিয়াজুল সোহাগ। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীল ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন চৌমুহনী সরকারি এস.এ কলেজের সাবেক এজিএস মো. হানিফ। এসময় স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী জনতা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা। ট্রফি পাওয়ার পর পদ্ম কুঁড়ি একাদশের সমর্থকদের বাঁধভাঙ্গা উল্লাস ছিল চোখে পড়ার মতো। গত কয়েকদিন ধরে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে চৌমুহনী পৌরসভার আনাচে-কানাচে যে উৎসবের আমেজ বিরাজ করছিল, ফাইনালের পর তা যেন পূর্ণতা পেল। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এমন আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদনের পথে পরিচালিত করবে এবং এলাকার ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।
আয়োজক প্রতিষ্ঠান চৌমুহনী সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এবং ফুটবলকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখবেন।