
বি চৌঃ তুহিন, স্টাফ রিপোর্টার নোয়াখালী :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে যৌথ অভিযান চালিয়ে নাবিলা হাসপাতাল ও নাবিলা জেনারেল হাসপাতালকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে শর্ত পূরণ ও কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত আগামী ১৫ দিনের জন্য হাসপাতাল দুটির সকল কার্যক্রম বন্ধ রাখার প্রশাসনিক নির্দেশনা দেওয়া হয়েছে।

৭জুলাই মোঙ্গল বার চৌমুহনী পৌরসভা এলাকার কলেজ রোডে জেলা সিভিল সার্জন কার্যালয় এবং উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
জানা যায়, অভিযানে নাবিলা হাসপাতালে পর্যাপ্ত টেকনোলজিস্ট, সুনির্দিষ্ট লেবার রুম এবং প্রয়োজনীয় সংখ্যক নার্স না থাকায় 'মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২' এর ১৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, নাবিলা জেনারেল হাসপাতালে লেবার রুম না থাকা ও বিধি মোতাবেক প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় একই আইনে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হাসপাতালটির সংযুক্ত ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ এনেস্থিসিয়া (অ্যানেসথেসিয়া) ওষুধ রাখায় 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯' এর ৫২ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত মোট ৩টি মামলায় সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং ত্রুটি সংশোধন না করা পর্যন্ত উভয় হাসপাতালের কার্যক্রম ১৫ দিনের জন্য স্থগিত ঘোষণা করে।
অভিযানে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO), বেগমগঞ্জ মডেল থানার এএসআই খুরশীদসহ পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।