👤ইয়াছিন চৌধুরী, নিজস্ব প্রতিবেদক :
নেয়াখালীর চাটখিল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থেকে অপহৃত শিশু মাহমুদ হাসান (০৩) কে শনিবার (১৬ নভেম্বর) রাতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকা থেকে উদ্ধার করেছে। এ সময় পুলিশ অপহরণকারী তিন জনকে গ্রেফতার করে এবং মুক্তিপণ দাবীর কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে সিরাজদিখান থানার কাঁঠালতলী গ্রামের জাহাঙ্গীর শেখ এর ছেলে রোমান (২৫), আব্দুল মান্নানের মেয়ে সোনিয়া আক্তার (১৯) চাঁদপুর জেলার কচুয়া থানার তেতৈয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. শাহরিয়া হাসান (২৫)।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, শিশুটিকে গত ১৩ নভেম্বর চাটখিল উপজেলার নাহারখিল থেকে দুষ্কৃতিকারীরা অপহরণ করে নিয়ে যায়, পরে অপহরণকারীরা তার মায়ের কাছে মুক্তিপণ দাবী করে। এ ব্যাপারে শিশুর মা মুন্নি আক্তার থানায় মামলা করে। গ্রেফতারকৃতদের কে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।