
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি |
কক্সবাজারের চকরিয়া (নবগঠিত মাতামুহুরি) উপজেলায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল প্রবাসীর স্ত্রী ও তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ইতিমধ্যে ৬ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, ঘটনার রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ওই প্রবাসীর বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটপাট করে। লুটপাটের একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা প্রবাসীর স্ত্রী এবং তার স্কুলপড়ুয়া নাবালিকা মেয়েকে (দশম শ্রেণির শিক্ষার্থী) পাশবিক নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়।
ঘটনার পর পরই এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভুক্তভোগীদের জবানবন্দি ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে অপরাধীদের ধরতে অভিযান শুরু করে। পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৬ জনকে আটক করতে সক্ষম হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীদের ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই বিষয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও জানতে চোখ রাখুন...