
এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর রাতে উপজেলার মৌটুপি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মৌটুপি এলাকা থেকে একটি ৯ এমএম পিস্তল, দুই রাউন্ড গোলাবারুদ, একটি দেশীয় অস্ত্র এবং ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পরবর্তীতে তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।
যৌথ বাহিনীর একটি সূত্র জানায়, এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক মজুদের গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা থানায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয়দের মতে, যৌথ বাহিনীর এমন অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।