এ.কে পলাশ, কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় মো. নাজমুল (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়।
রবিবার (২৪ আগস্ট) ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনার ছয়ঘড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন (৫০) চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শরতনগর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়- রবিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের ছয়ঘড়িয়া এলাকায় একটি মালবোঝাই কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় অপর একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা ব্যবসায়ী নাজমুল নিহত হয়।
এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। সকাল ১১টায় হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যান উদ্ধার করে। তারপর থেকে ধীর গতিতে যান চলাচল শুরু করে। দুপুর ১টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন- এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে। আইনগত প্রকিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।