মোজাম্মেল হক, বীরগঞ্জ দিনাজপুর:
“মৃতদের সম্মান রক্ষা কর, কবরস্থান দখলকারীর প্রচেষ্টা প্রতিহত কর”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বড় করিমপুর দুর্গাডাঙ্গা কবরস্থান দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বড় করিমপুর এলাকাবাসীর উদ্যোগে কবরস্থানসংলগ্ন সড়কে এ মানববন্ধন হয়। এতে দুই গ্রামের কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
এলাকাবাসীর অভিযোগ, অনাদিকাল ধরে ব্যবহৃত এই কবরস্থানটি কিছু ব্যক্তি ভুয়া কাগজপত্র ও মিথ্যা দাবি দেখিয়ে দখলের চেষ্টা করছেন। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন দুর্গাডাঙ্গা কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মহসিন আলী (শামীম), সেক্রেটারি গোলাম মোস্তফা, সদস্য মোঃ খাইরুল ইসলাম, রফিক আহম্মেদ, মোঃ ইসরাফিল আলম, ফজলুল হকসহ অনেকে। বক্তারা বলেন, পূর্বপুরুষদের স্মৃতি–সংরক্ষণের স্থান এই কবরস্থান কোনো অবস্থাতেই দখল হতে দেওয়া যাবে না।
স্থানীয়রা জানান, কবরস্থানটি শুধু একটি জমি নয়, এটি তাদের ধর্মীয় দায়বদ্ধতা ও সামাজিক অনুভূতির স্থান। দখলচেষ্টার বিরুদ্ধে দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।