
নিউজ ডেস্ক:
চীনের দালিয়ানে শুরু হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বিশেষ প্ল্যানারি সেশন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “বিস্তৃত পরিসরে উদ্ভাবন” (Innovating at Scale) শীর্ষক এই সেশনটি শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। তিনি বর্তমান বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তির যুগে উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন।
হাই-প্রোফাইল এই প্ল্যানারি সেশনে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানরা। বৈশ্বিক এই মঞ্চে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসব অনানুষ্ঠানিক আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো উঠে আসে। এ ছাড়া সেশনের নির্ধারিত বিরতিতে অংশ নেওয়া বিশ্বনেতারা এক সংক্ষিপ্ত ফটোসেশনে অংশ নেন। বৈশ্বিক নীতি-নির্ধারণী এই মঞ্চে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের এই অংশগ্রহণকে বেশ ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।
আরও জানতে চোখ রাখুন...