ফেনী প্রতিনিধি: ফেনীতে সংস্কারমূলক আন্দোলন হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকালে ফেনীর ক্রাউনওয়েস্ট রেস্টুরেন্টে এ সভার আয়োজন করে হেযবুত তওহীদের ফেনী জেলা শাখা।
ফেনী জেলা হেযবুত তওহীদের সভাপতি আব্দুল ওয়াহেদ মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক রাকীব আল হাসান। তিনি সংগঠনটির সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের আলোকে আল্লাহর হুকুমের ভিত্তিতে তওহীদের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রব্যবস্থা কেমন হবে তার পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরেন।

বর্তমান বিশ্ব পরিস্থিতি ও জাতীয় প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘‘ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রবর্তিত বিধি-বিধান ও সিস্টেমেই আমাদের দেশ চলছে, আর সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায়, অবিচার, অশান্তি বেড়ে চলেছে। যুগের পর যুগ আমরা মানবরচিত বিধানের মাশুল দিচ্ছি আমরা। অন্যদিকে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে রসুল (সা.) এমন নিরাপদ সমাজ গঠন করেছিলেন যে, একা একজন নারী রাতের অন্ধকারে নির্ভয়ে শত শত মাইল পথ হেঁটে যেত। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। স্বর্ণের দোকান খোলা রেখে দোকানদার মসজিদে যেত। আদালতে মাসের পর মাস অপরাধ-সংক্রান্ত মামলা আসত না। সেই শান্তিপূর্ণ জীবনব্যববস্থার আধুনিক রূপ তুলে ধরা হয়েছে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থে।’’ তিনি সাংবাদিকদের কাছে এই গ্রন্থের বিষয়গুলি লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরার অনুরোধ রাখেন।
তিনি বলেন, ইসলাম শুধু ব্যক্তিজীবনের দিকনির্দেশনা নয়, বরং রাষ্ট্র পরিচালনার জন্যও বিধি-বিধান প্রদান করেছে। হেযবুত তওহীদ আল্লাহর দেয়া বিধি-বিধানের আলোকে আজকের যুগে কিভাবে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা যায়, আধুনিক রাষ্ট্রে কিভাবে ইসলামকে যুগোপযোগিভাবে প্রয়োগ করা যায়, তার রূপরেখা মানুষের সামনে তুলে ধরছে।
তার বক্তব্যে তওহীদ অর্থাৎ আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচারব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, অন্য ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ ও স্পষ্ট চিত্র তুলে ধরেন। দেশের চলমান সংকট নিরসনে হেযবুত তাওহীদের প্রস্তাবনাকে একমাত্র বিকল্প হিসেবে উল্লেখ করে তিনি এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন, প্রশ্ন উত্থাপন করেন এবং তাঁদের সুচিন্তিত মতামত পেশ করেন।
হেযবুত তওহীদের সদস্য তারিকুল ইসলাম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা হেযবুত তাওহীদের উপদেষ্টা নুরুল আবছার সোহাগ।
মূখ্য আলোচকের বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকরা তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত ব্যক্ত করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি এ কে এম আব্দুর রহিম, দৈনিক সমকাল ও চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু তাহের ভূঁইয়া, দৈনিক ভোরের কাগজের সৈয়দ মনির, দৈনিক আমার দেশ পত্রিকার এস এম ইউসুফ আলী, প্রথম আলোর নাজমুল হক শামীম, ফেনীর সময় পত্রিকার নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, ফেনী শক্তি পত্রিকার সম্পাদক শেখ ফরিদ রতন, বাংলাদেশ বেতারের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, গ্লোবাল টেলিভিশনের রফিকুল ইসলাম, আরটিভির আজাদ মালদার, বাংলাভিশনের রফিকুল ইসলাম, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি কামরুল আরেফিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২৪ ইং জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র ওপর একটি লিখিত প্রস্তাবনা দাখিল করে হেযবুত তওহীদ। এরপর থেকে সারাদেশে সভা-সমাবেশ-সেমিনার করে জাতির সামনে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পূর্ণাঙ্গ রূপ তুলে ধরছে সংগঠনটি।