অনলাইন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা জানিয়েছেন, তাঁর অনুপস্থিতিতে দল পরিচালনার দায়িত্ব পালন করবেন দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তবে তাঁর ছোট বোন শেখ রেহানা দলীয় প্রধানের এই দায়িত্বে আসছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
ভারতী মাধ্যম 'দ্য ওয়াল'-এর নির্বাহী সম্পাদক অমল সরকারের সাথে এক টেলিফোন সাক্ষাৎকারে এসব কথা বলেন শেখ হাসিনা। সাক্ষাৎকারে তিনি বলেন, "শেখ সেলিম বর্তমানে প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ। আমার অনুপস্থিতিতে তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।"
ছোট বোন শেখ রেহানা দলের দায়িত্ব নেবেন কি না—এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, "রেহানা সরাসরি রাজনীতির সাথে যুক্ত নয়।" এরপর তিনি স্পষ্ট করেন, তাঁর ফুফাতো ভাই ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিমই বর্তমান পরিস্থিতিতে দল সামলাবেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।
তবে শেখ হাসিনার এই সিদ্ধান্ত ঘিরে আওয়ামী লীগের সাবেক কয়েকজন মন্ত্রী ও শীর্ষ নেতাদের মধ্যে দ্বিমত ও অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দায়িত্বশীল নেতা জানান, শেখ সেলিমকে দায়িত্ব দেওয়ার বিষয়ে তাদের আপত্তি রয়েছে। এক নেতার মতে, সেলিমের বাসভবনে দলের নানা গোপনীয় বৈঠক হলেও তা দ্রুত বাইরে প্রকাশ পেয়ে যায়। এছাড়া তাঁর বিরুদ্ধে অতীতে ওঠা দুর্নীতি ও স্বজনপ্রীতির নানা অভিযোগের বিষয়টি উল্লেখ করেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
আরও জানতে চোখ রাখুন....